২৩ কোটি ডলার বিনিয়োগ পেল নোকিয়া
জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড নোকিয়ার নির্মাতা এইচএমডি গ্লোবাল ২৩০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল পেয়েছে, যা প্রতিষ্ঠানটির কৌশলগত শীর্ষ অংশীদারদের কাছ থেকে আসা প্রথম কিস্তি। বাজার ও বিনিয়োগ বিষয়ক গবেষণা প্রতিস্থান ‘পিচবুক’ এই বিনিয়োগকে ২০২০ সালে ইউরোপের তৃতীয় সর্বোচ্চ গ্রোথ ফিন্যান্সিং হিসেবে উল্লেখ করেছে।
ফিচার ফোনের বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল স্মার্টফোনের বাজারেও স্বকীয়তা বজায় রাখছে। নর্ডিক ডিজাইন, গুণগতমান, বিশ্বখ্যাত জেইস ইমেজিং প্রযুক্তিসহ নকিয়া স্মার্টফোনে মিলছে অ্যান্ড্রয়েড ওয়ান অভিজ্ঞতা, যার সঙ্গে রয়েছে তিন বছরের মাসিক নিরাপত্তা আপডেট আর দুই বছরের সফটওয়্যার (ওএস) আপডেট।
এইচএমডি গ্লোবাল জানিয়েছে, এই বিনিয়োগ প্রতিষ্ঠানটির চারটি মূল ক্ষেত্রে অবদান রাখবে যার মধ্যে প্রথমত রয়েছে নোকিয়ার ৫জি ফোন নির্মাণে গতি যোগ করা, বিশেষত আন্তার্জাতিক ক্যারিয়ারদের সঙ্গে। দ্বিতীয়ত এটি নতুন কোভিড বাস্তবতায় প্রতিষ্ঠানটির ডিজিটাল-ফার্স্ট অফারিং ত্বরান্বিত করবে, তৃতীয়ত কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নমুখী বাজারে এটি নকিয়ার উপস্থিতি বৃদ্ধিতে প্রভাব রাখবে। চতুর্থত এর ফলে কেবল হার্ডওয়্যার নয়, সার্বিকভাবে একটি মোবাইল গ্রাহক সেবা উপভোগের সুযোগ করে দিতে পারবে।
এইচএমডি গ্লোবালের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান জ্যঁ ফ্রাসোঁয়া বারিল বলেন, ‘আমাদের অনন্য ব্যবসা মডেল বিশ্ব এবং শিল্পের আধুনিকতার সঙ্গে একই গতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যে প্রযুক্তির ক্ষেত্রে পরিপক্কতার প্রমাণ দিয়ে নতুন ধাপে প্রবেশ করেছে।’
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্লোরিয়ান সেচে বলেন, ‘এই বিনিয়োগ আমাদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক কৌশলকে আরও উন্নত করতে ভূমিকা রাখবে। এবং সবার কাছে আধুনিক মোবাইল ডিভাইস পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করার উদ্দ্যেশ্যকে আরও ত্বরান্বিত করবে।’